
নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদের অঙ্গীকার ধাপে ধাপে বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই বলেও তিনি উল্লেখ করেন।
রোববার (৩ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাই সরকার ও জনগণের মধ্যে প্রধান সংযোগ হিসেবে কাজ করেন। তাদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই সরকারি কার্যক্রমের সফলতা অনেকাংশে নির্ভরশীল। জনগণ দীর্ঘদিন ধরে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী শাসনের প্রতিফলন প্রত্যাশা করছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সুশাসন নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব ও জবাবদিহিতা। ন্যায়বিচার সহজ করা, সেবা পেতে ভোগান্তি কমানো এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে বলেন।
চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে প্রশাসনকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে প্রশাসন আরও দক্ষ ও স্বচ্ছ হতে পারে। তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
শেষে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই মনোভাব নিয়ে সবাইকে দেশের জন্য কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন :