
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
রোববার (৩ মে) ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসির আহমেদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১ মে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আগামী ১৩ মে অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।
অভিযোগপত্রে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব।
মামলার বর্ণনা অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। ওইদিন বিকেল পৌনে ৩টার দিকে তাদের ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণ করা হয়। এতে আশিক গুলিবিদ্ধ হয়ে সড়কে পড়ে যান। পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।
এ ঘটনায় একই বছরের ২৮ সেপ্টেম্বর ভুক্তভোগী আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।
আপনার মতামত লিখুন :