হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার চেষ্টা


হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার চেষ্টা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এক নৈশভোজ অনুষ্ঠানে হামলার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় কোল টমাস অ্যালেন নামের ৩১ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা অ্যালেন পেশায় একজন শিক্ষক। হামলার পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি আগে থেকেইহিলটন হোটেলের কক্ষ ভাড়া নিয়ে অতিথি হিসেবে অবস্থান করছিলেন।

শনিবার রাতে অনুষ্ঠানের নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশের পরপরই তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে।
পরে তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং হামলার অভিযোগ আনা হয়।

ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা জানান, সন্দেহভাজনকে নিয়ন্ত্রণে নেওয়ার সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হন, তবে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় প্রাণে বেঁচে যান।

গুলির ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ সময় তিনি মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। সরিয়ে নেওয়ার সময় তিনি হোঁচট খেলেও দ্রুত তাকে নিরাপদে নেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে।